[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার

প্রকাশঃ
অ+ অ-

২০০১ সালের ১৪ এপ্রিল বোমা হামলা হয় রমনার বটমূলে | ফাইল ছবি

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রমনা বটমূলে বোমা হামলা হয়। ওই ঘটনায় ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। বোমা হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করে পুলিশ।

দুটি মামলার মধ্যে ২০১৪ সালের ২৩ জুন হত্যা মামলার রায় হয়। তবে বিস্ফোরণের ঘটনার ২৫ বছর পেরিয়ে গেলেও এখনো বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটির বিচার শেষ হয়নি।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের জুলাই মাসে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে মামলাটি ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এ সরানো হয়।

পরে ২০২৩ সালের জানুয়ারিতে মামলাটি মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৫-এ পাঠানো হয়। এই আদালতেই মামলাটি এখনো আসামিদের নিজেদের পক্ষে বক্তব্য দেওয়ার বা আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে রয়েছে।

জানা গেছে, গত ৩১ মার্চ মামলাটির আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানির দিন ঠিক করা ছিল। কিন্তু আসামিদের আদালতে হাজির না করায় আদালত ৯ জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন।

মামলাটির বিষয়ে সংশ্লিষ্ট আদালতের আইনজীবী মাহফুজ হাসান বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে মামলাটির বিচার দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই মামলায় কারাগারে থাকা আসামিদের বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে। তাঁরা দেশের বিভিন্ন জেলার কারাগারে বন্দি রয়েছেন। তাঁদের উপস্থিত করতে না পারার কারণে মামলার শুনানি এগোচ্ছে না। আশা করি, মামলাটির বিচার দ্রুত শেষ হবে এবং ভুক্তভোগীদের পরিবার ন্যায়বিচার পাবে।’

ঢাকা মহানগর আদালতের প্রধান আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘হত্যা মামলার রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ৪৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলাটি প্রায় শেষ পর্যায়ে আছে। এখন বাকিদের সাক্ষ্য নেওয়া যায় কি না—তা দেখে খুব দ্রুত আমরা মামলাটি শেষ করব। আশা করছি, আগামী বৈশাখের আগেই একটি ফল পাওয়া যাবে।’

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে এই বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন প্রাণ হারান। এ ঘটনায় রমনা থানায় মামলা করে পুলিশ। পরে ২০০৮ সালের ২৯ নভেম্বর মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে দুটি অভিযোগপত্র জমা দেয়। এর একটি হত্যার এবং অন্যটি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের।

বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার ১৩ বছরের মাথায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন