হাম-রুবেলার টিকা কর্মসূচিতে অবহেলা ছিল বিগত সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
![]() |
| নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাম–রুবেলার জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার | ছবি: পদ্মা ট্রিবিউন |
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রতি চার বছর পরপর হাম–রুবেলার টিকা দেওয়ার নিয়ম থাকলেও আগের সরকার এ বিষয়ে অবহেলা করেছে। ২০২০ সালে শিশুদের জন্য এই টিকা দেওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সরকার তা না করে সারা দেশে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে।
দুপুরে ঢাকার নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে হাম–রুবেলার জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সারা দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মন্ত্রী নবাবগঞ্জ থেকে এর উদ্বোধন ঘোষণা করেন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি আহমেদ জামশেদ মোহামেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র চৌধুরী।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কয়েক বছর দেরি হওয়ায় হাম–রুবেলায় কিছু শিশু মারা গেছে। এটি আগের সরকারের ভুল ছিল। তারা চার বছর পার হলেও এই টিকা দেয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিশুদের স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ নেন। পরে ইউনিসেফসহ কয়েকটি সংস্থার সহায়তায় এই প্রতিষেধক সংগ্রহ করা সম্ভব হয়েছে। সরকার বেশি ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনা করে প্রথমে ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের জন্য এই টিকার ব্যবস্থা করেছে। ১২ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশালে পরবর্তী ধাপের টিকা দেওয়া হবে। আগামী ৩ মে সারা দেশে এই টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাম–রুবেলা যাতে বাংলাদেশে মারাত্মক আকার ধারণ করতে না পারে, সে বিষয়ে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক আছে। যেখানেই শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। এরপর তিনি বক্সনগর ইউনিয়নের বর্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকাদানকেন্দ্র ঘুরে দেখেন এবং সবাইকে নির্ভয়ে শিশুদের হামের টিকা দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে অবহেলিত মানুষের চিকিৎসাসেবা আরও সহজ করতে সরকার কাজ করছে। মাঠপর্যায়ে দায়িত্বরত সবাইকে আরও আন্তরিক হয়ে মানুষের সেবা করতে হবে।

Comments
Comments